রংপুরে ৫ গাড়িতে আগুন, আটক ২২
রংপুরে হরতাল চলাকালে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা ৫টি যানবাহনে আগুন দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৪টায় রংপুর-দিনাজপুর সড়কের হাগীরহাটে একটি পণ্যবাহী ট্রাকে আগুন আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা।
এসপি জানান, এছাড়া রংপুর-কুড়িগ্রাম সড়কের কলাবাড়িতে একটি ট্রাক এবং নগরীর পায়রাচত্বর, বাস টার্মিনাল ও মডার্ন মোড়ে ব্যাটারিচালিত তিনটি অটোরিকশায় আগুন দেয় হরতাল সমর্থকরা। এসব ঘটনায় মোট ২২ জনকে আটক করা হয়েছে।
হরতালে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
রংপুর রেলস্টেশনের তত্বাবধায়ক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন রুটে তিনটি ট্রেন ছেড়ে গেছে।
