নয়া পল্টনে গাড়ি পোড়ানোর ঘটনায় ২ মামলা
বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের সময় গাড়ি পোড়ানো ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ছাত্রদল সভাপতি ও যুবদলের সাধারণ সম্পাদকসহ ৫০ জনের বিরুদ্ধে পল্টন থানায় দুটি মামলা হয়েছে।
এর মধ্যে একটি মামলা হয়েছে গাড়ি পোড়ানোর ঘটনায় দ্রুত বিচার আইনে। অন্যটি হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব নিয়ন্ত্রণ আইনে।
দুই মামলাতেই এজাহারে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৪০/৫০ কে আসামি করা হয়েছে।
যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আবুল মনসুর খান দীপক, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসহাক সরকার,
জাতীয়তাবাদী প্রজন্ম'৭১ এর সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন, পল্টন থানা যুবদলের নেতা মো. আবুল হোসেন ও লিয়ন হোসেন, স্বেচ্ছাসেবক দলের শাহাদাত হোসেন তুহিন, হেলাল এবং পল্টন থানা ছাত্রদল ইকবাল হোসেন।
সোমবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির এক প্রতিবাদ সমাবেশের শেষ পর্যায়ে তিনটি গাড়িতে আগুন দেয়া হয়।
এর মধ্যে সংবাদ সংগ্রহের কাজে থাকা এটিএন নিউজের একটি গড়িও রয়েছে।
পল্টন থানার ডিউটি অফিসার খোরশেদ আলম বলেন, “প্রতিবাদ সমাবেশে আসা কর্মীরা গাড়িতে আগুন দিয়ে ককটেল ফাটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে।”
অবশ্য বিএনপি বলছে, সরকারের লোকেরাই এ ঘটনা ঘটিয়েছে।
