শামীম ওসমানসহ অন্যদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যায় শামীম ওসমানসহ যাদের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন নিহতের বাবা রফিউর রাব্বি।
ফাইল ছবি
সোমবার বিকালে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে ত্বকী হত্যার প্রতিবাদ, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
সমাবেশে রাব্বি বলেন, “শামীম ওসমান ও তার দুই ভাই চিহ্নিত চাঁদাবাজ। তারা বিভিন্ন সেক্টর থেকে মাসে কোটি কোটি টাকা চাঁদা নিয়ে সন্ত্রাসী বাহিনী লালন করছে। ত্বকী হত্যার সঙ্গে শামীম ওসমানরাই জড়িত। শামীম ওসমানরা উন্মাদ হয়ে গেছে। কারণ, পুলিশের কাছে ইতোমধ্যে এই হত্যা সর্ম্পকে তথ্য উপাত্ত রয়েছে।”
ত্বকী মঞ্চের আহবায়ক রাব্বির সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, সাবেক সভাপতি ভবানী শংকর, সাধারণ সম্পাদক মনি সুপান্ত, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলামসহ অন্যান্যরা।
এদিকে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করতে না পেরে শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভে মোড়ে মুখে কালো কাপড় বেধে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে শামীম ওসমানের সমর্থক স্থানীয় মুক্তিযোদ্ধারা।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাউন্সিলের কমান্ডার সামিউল্লাহ মিলনের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান দীপু, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি সেলিম ওসমান, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী শাহ জালাল প্রমুখ।
সেখানে সেলিম ওসমান বলেন, “ত্বকী হত্যা নিয়ে অনেক রাজনীতি হয়েছে। এখন আর সহ্য করার মত না। যদি এ নিয়ে বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে প্রয়োজনে আবারো একাত্তরের মত অবস্থায় ফিরে যেতে হবে।”
গত ৮ মার্চ বেলা পৌঁনে ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ডান চোঁখে ও গলায় আঘাতের চিহ্ন ছিল।
ওই ঘটনায় রাতেই রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
পরে ছেলে হত্যার ঘটনায় রফিউর রাব্বি আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ক্যাঙ্গারু পারভেজসহ সাত জনের নাম উল্লেখ করে পুলিশ সুপারের কাছে অবহিতকরণ পত্র দাখিল করেন।
এর পর পুলিশ রিফাত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
ত্বকী শহরের চাষাঢ়া এবিবি ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ বছর ‘এ’ লেভেল পরীক্ষা দেয়। দেশের সর্ব্বোচ্চ নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয় সে।
