২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৯

সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন বরিশালে বিএনপির মিছিল থেকে ভাঙচুর চালানোর সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

ইসলামী ছাত্রশিবির এবং বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় লক্ষ্য করে গুলি করার প্রতিবাদে এবং হরতালের সমর্থনে রোববার বিকালে বরিশাল বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিএনপি’র ৭ নেতা-কর্মীসহ ৯ জনকে আটক করে পুলিশ।

বরিশাল সদর আসনের সংসদ সদস্য বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার বলেন, সংঘর্ষে তাদের ৬ নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি অভিযোগ করেন, বিএনপি’র ‘শান্তিপূর্ণ’ মিছিলে পুলিশ গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করেছে।

কোতয়ালী মডেল থানার এসআই গোলাম কবির বলেন, মিছিল থেকে দোকানপাট ও যানবাহন ভাঙচুর শুরু হলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল ছুঁড়েছে।

মিছিলকারীদের ইটের আঘাতে এক নায়েক আহত হন বলেও জানান তিনি।

আটক নয় জনের মধ্যে দুই পথচারীকে ছেড়ে দেয়া হবে বলে জানান এসআই গোলাম কবির।