বাকৃবিতে হল বন্ধের প্রতিবাদ করায় গ্রেপ্তার ১১
ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে ঈশা খাঁ হল বন্ধের প্রতিবাদে আন্দোলনরত ১১ শিক্ষার্থী গ্রেপ্তার করেছে পুলিশ।
এর হলেন, লিংকন, মিঠুন, হাসান, আল আমীন, তুষার, স্বপন, অভি, তাপস, ওবায়দুর, শুভ ও রনি।
আন্দোলনরত শিক্ষার্থীদের আটক করার প্রতিবাদে সোমবার সকাল থেকে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছে সাধারণ শিক্ষার্থীরা।
কোতয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসিক ছাত্রাবাস ঈশা খাঁ হল সংস্কারের জন্য পরিত্যক্ত ও বন্ধ ঘোষণা করায় আবাসিক শিক্ষার্থীরা দীর্ঘ দিন ধরে এর প্রতিবাদ জানিয়ে আসছে। এর অংশ হিসেবে রোববার সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে।
তিনি আরো জানান, শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি করায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তার কর্মকর্তা মহি উদ্দিন হাওলাদার বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২১ ছাত্রের নামে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করেন। পরে পুলিশ রাত আড়াইটায় ১১ ছাত্রকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
মামলায় সরকারি সম্পত্তি ভাংচুর ও আইন অমান্য করে মিছিল-সমাবেশ করার অভিযোগ আনা হয়েছে।
