ত্বকীর পর রাব্বির ছোট ছেলেকে হত্যার হুমকি
বড় ছেলে তানভীর মোহাম্মদ ত্বকীর পর রফিউর রাব্বির ছোট ছেলেকেও হত্যার হুমকি দেয়া হয়েছে।
হুমকির এই চিঠি পেয়ে রোববার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডি করেছেন নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের নেতা রাব্বি।
এই মাসের শুরুতে খুন হন রাব্বির বড় ছেলে কলেজছাত্র ত্বকী।
রফিউর রাব্বির দুই ছেলে, বাঁয়ের ত্বকী এখন নেই,পাশে ছোট ছেলে সাকি।
ত্বকী হত্যাকাণ্ডের জন্য নারায়ণগঞ্জের আওয়ামী লীগহ নেতা এ কে এম শামীম ওসমানকে দায়ী করে আসছেন রাবিব। তবে শামীম সেই অভিযোগ নাকচ করে আসছেন।
রাতে শহরের শায়েস্তা খান রোডে রাব্বির বাসার ঠিকানায় হলুদ খামের ওই চিঠি আসে।
ফতুল্লা পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে প্রেরক হিসেবে দেখানো হয় সদর উপজেলার লাল খাঁ সেহাচর এলাকার মৃত আবু নাসের ছেলে জনৈক আওলাদ হোসেনকে।
রাব্বির অভিযোগ পাওয়ার কথা জানিয়ে সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের সাংবাদিকদের বলেন, “ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় পুরো পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। এই ধরনের চিঠি তাদের পরিবারটির প্রতি হুমকি স্বরূপ।
“কারা এই চিঠি দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে,” বলেন তিনি।
নিখোঁজ হওয়ার দুদিন পর গত ৮ মার্চ নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।
ত্বকী শহরের চাষাঢ়া এবিবি ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ বছর ‘এ’ লেভেল পরীক্ষা দেয়। দেশের সর্ব্বোচ্চ নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয় সে।
