২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার মধ্যে হরতাল প্রতিরোধের আহ্বান শেখ হাসিনার

এইচএসপি পরীক্ষার মধ্য হরতাল ডাকা হলে তা প্রতিরোধ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

সরকারবিরোধী বর্তমান আন্দোলনের মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের বাঁচানো- এই মন্তব্য করে তিনি বলেন, “জনগণকে বেছে নিতে হবে তারা জঙ্গী ও সন্ত্রাস চায়, নাকি অব্যাহত গণতন্ত্র ও উন্নয়ন চায়।”

দেশব্যাপী এইচএসসি পরীক্ষা শুরুর আগের দিন রোববার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনা একথা বলেন।

হরতালের নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হামলা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

গণভবনে রোববার বিকালে আওয়ামী লীগের এই সভায় হয়। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে গত ২৩ মার্চ এই সভা মুলতবি হয়েছিল।

যুদ্ধাপরাধের বিচার শেষ করার আশাবাদ জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, “বিএনপি নেত্রীসহ যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়- তাদের আত্মঘাতী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।”

বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “মানুষকে শান্তিতে থাকতে দেন। মনের অশান্তিতে দেশের মানুষকে পুড়িয়ে ছারখার করেন না।”

“সমগ্র বিশ্বে বাংলাদেশ যখন উন্নয়নের মডেল, তখন কেন কয়েকটি অপরাধী রক্ষার জন্য সমগ্র দেশকে ধ্বংস করতে চাচ্ছেন?” খালেদা জিয়ার কাছে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “যারা স্বাধীনতার বিরোধিতা করেছে- তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে নানা বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে। তারা সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে। সন্ত্রাসীদের মদদ দিচ্ছে।”

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “দেশের যত রকম ক্ষতি করা যায়- তা তারা করছে।”

মহাসড়কের পাশের গাছ কাটার কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতার সমালোচনা করে প্রধানমন্ত্রী আরো বলেন, “দেশের মানুষের জন্য দায়িত্ববোধ থাকলে এগুলো করতে পারতেন না।

“গাছ কী অপরাধ করেছে? একের পর এক গাছ কাটছে।”

চট্টগ্রামে স্কুলছাত্রী অন্তু বড়ুয়ার বাম চোখ বোমর আঘাতে ক্ষত হওয়া এবং রোববার রাজশাহীতে বোমাহামলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের কজ্বি উড়ে যাওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

রাজশাহী থেকে হেলিকপ্টারে করে ওই পুলিশ সদস্যের লাশ ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে তার অস্ত্রোপচারের কথাও তিনি উল্লেখ করেন বক্তৃতায়।

শেখ হাসিনা বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই পুলিশ সদস্য বোমা না আটকালে অনেক লোক গুরুতর আহত হত।

“যারা এ ধরনের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে- তারা দেশ, জাতি ও জনগণের শত্রু। এদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে।”

‘সব ধর্মের মর্যাদা দিতে হবে’

কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সকলে যার যার ধর্ম পালন করবে। কেউ কারো ধর্মে আঘাত করবে না।

“কেউ নবী করিম (স.) কে অবমাননা করলে আমরাই ব্যবস্থা নেব। কাউকে এজন্য দাবি করতে হবে না।”

প্রচার মাধ্যম, সামাজিক নেটওয়ার্কসহ ব্লগে কেউ ধর্মীয় অনুভূতি আঘাত করে কোনো কথা বললে বা লিখলে তা খুঁজে বের করতে কমিটি গঠনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ধর্মের মর্যাদা কীভাবে রক্ষা করতে হয়, তা আমরা জানি।”

এই প্রসঙ্গে হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে অবমাননাকর ভিডিওচিত্র প্রকাশ করায় ইউটিউব বন্ধ করে দেয়ার কথাও তিনি উল্লেখ করেন।

‘বিরোধীদলীয় নেতা নাটকে চ্যাম্পিয়ন’

বিরোধীদলীয় নেতা নাটকে চ্যাম্পিয়ন বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “উনি কিছু পারুক আর নাই পারুক। উনি নাটকে চ্যাম্পিয়ন। ওনার বগুড়া ট্যুরের আগে মন্দির ভাঙলেন। তারপর, ওখানে গিয়ে মলম লাগালেন।”

শেখ হাসিনা বলেন, “বিএনপি নেত্রীই ধরা পড়ে গেছেন- কীভাবে অপকর্ম করছেন। তারপর নাটক করছেন।”

“এদের চরিত্র সকলের জানা। কারা সংখ্যালঘুদের অত্যাচার করে- তা সকলে জানে,” বলেন তিনি।