ইবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, আহত ৫০
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রোববার ছাত্রলীগ ও শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এ সময় এক পুলিশ কনস্টেবলসহ উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে বলে দুই সংগঠনের সমর্থকরা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ দুই ছাত্র সংগঠন ও পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণে ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস শেল ও ফাঁকা গুলি ছুঁড়েছে।
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইবি থানার উপপরিদর্শক (এসআই) মনোজিৎ সাহা বলেন, বেলা ১১টার দিকে শিবির নেতাকর্মীরা ১৪ অগাস্ট হলে হামলায় জড়িতদের শাস্তি দেয়াসহ সাতদফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের কাছে স্মারকলিপি দেন।
এরপর তারা অনুষদ ভবনের সামনে শিক্ষার্থীদের মধ্যে ওই স্মারকলিপির কপি বিতরণ করতে থাকলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বাধা দেন।
এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে এ দুই সংগঠনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে অন্যান্যের সঙ্গে পুলিশ কনস্টেবল মহসিন গুলিবিদ্ধ হন বলে জানান এসআই মনোজিৎ সাহা।
আহতদের প্রথমে ইবি মেডিকেল সেন্টারে এবং গুরুতর আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
এরপর দ্বিতীয় দফা সংঘর্ষে শিবিরকর্মীরা সাদ্দাম হোসেন হল, টিএসসিসির দক্ষিণপাশ ও অনুষদ ভবনের পিছনে এবং ছাত্রলীগকর্মীরা টিএসসিসির পূর্ব ফুটবল মাঠ ও স্মৃতিসৌধের কাছে অবস্থান নেন।
এ সময় গোলাগুলি চলে এবং হাতবোমার বিস্ফোরণ হয়। এ সময় পুলিশ উভয়পক্ষকে ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও রাবার বুলেট ছোঁড়ে।
এরপর বেলা ১২টা ও বেলা ২টায় আবারো দুপক্ষের সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় শিবিরকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছেন।
এরপর কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মফিজ উদ্দিনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সোহেল রেজা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোট ১২০ রাউন্ড গুলি এবং ৩০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।
এসপি মফিজ উদ্দিন বলেন, স্মারকলিপি বিলি করাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেনি।
ছাত্রলীগ নেতা মিজহানুর রহমান মিজু বলেন, নিষিদ্ধ থাকার পরও শিবিরকর্মীরা ক্যাম্পাসে লিফলেট বিলি করে অস্থিতিশীল পরিস্থিতির পাঁয়তারা করলে তারা প্রতিবাদ করেন। এরপর তাদের উপর হামলা চালায়।
ইবি শিবির সভাপতি তারেক মনোয়ার বলেন, ক্যাম্পাস অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য বহিরাগতরা তাদের উপর হামলা চালালে তারা প্রতিবাদ করেন।
আহতদের মধ্যে রয়েছেন ছাত্রলীগের মাহমুদ হাসান লেলিন, আশিকুর রহমান জাপান, সাজন, মিজানুর রহমান টিটো, রাসেল জোয়র্দার, ইলিয়াস হোসেনসহ প্রায় ২০জন।
শিবিরের আহতরা হলেন ইব্রাহিম, বেলাল, মোস্তাফিজ, আশরাফ, ইমরান, মনির, আনোয়ারসহ প্রায় ৩০ জন।
