২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতু মেরামত নির্ধারিত সময়ের আগেই

নির্ধারিত সময়ের দেড় মাস আগে বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতের কাজ শেষ হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টাঙ্গাইল,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 09:52 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

রোববার সকালে সেতু পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, সর্বাধুনিক প্রযুক্তিতে করা এই কাজ শেষ হবে আগামী ৩০ এপ্রিল। 

ডিজাইনে ত্রুটি ও আনুষাঙ্গিক সমস্যার কারণে প্রথমদিকে সময়মতো কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে সময়সীমা বেঁধে দেয়া হয় ১৫ জুন।

মন্ত্রী আরো বলেন, লাইফ লং গ্যারান্টি দেয়া মেরামত কাজে ব্যয় হচ্ছে ২৭৩ কোটি টাকা।

সেখানে উপস্থিত সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, টোল প্লাজায় চালু হচ্ছে অত্যাধুনিক অনলাইন সিস্টেম।

তিনি বলেন, নতুন সিস্টেমে সেতু দিয়ে যে যানবাহন পারাপার হবে তার হিসেব ঢাকায় বসে পাওয়া যাবে। ওভারলোডেড যানবাহন হলে তা মেশিনে ধরা পড়বে। সুতরাং এখন থেকে ওভারলোডিংয়ের কারণে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী বলেন, ট্রেন চলাচলের জন্য নয়, বরং সেতুর ভারসাম্যহীনতার কারণে ফাটল দেখা দেয়।

যানবাহনের ওজন সীমিত থাকলে আর কোনো সমস্যা হবে না বলেও জানান মন্ত্রী।

এ সময় সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘চায়না কমিউনিকেশনস কন্সট্রাকসন কোম্পানি লিমিটেডের’ সাইড অফিসে মেরামত বিষয়ে মন্ত্রীকে ব্রিফিং দেয়া হয়।