২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জামায়াত নেতার বাড়িতে আগুন

সিলেটে এক যুবলীগ কর্মীর উপর ছাত্র শিবিরের হামলার পর বিক্ষুদ্ধ জনতা দুই জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 09:25 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বেলা ১২টার দিকে নগরীর দর্শনদেউড়ী এলাকায় ৫-৬টি মোটরসাইকেলে করে শিবিরকর্মীরা এসে বাবুল আহমদ পাঙ্গাসের উপর হামলার চেষ্টা চালায়। এ সময় বাবুলও একটি মোটরসাইকেলে ছিলেন।

এ সময় বাবুল মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যান। পরে শিবিরকর্মীরা তার মোটরসাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোঁড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল জানান, এ ঘটনার আধাঘণ্টা পরেই এলাকার বিক্ষুদ্ধ লোকজন ও যুবলীগকর্মীরা পীর মহল্লা এলাকায় প্রথমে জামায়াতের মহানগর শাখার নায়েবে আমীর আব্দুল হাই হারুন ও পরে একই এলাকায় মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদের বাড়িতে হামলা চালিয়ে আগুন দেয়।

জামায়াত নেতারা সেখানে না থাকলেও দুটি বাসায় চারটি পরিবার ভাড়া থাকেন। আগুনে ভাড়াটিয়াদের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে বলে জানান এলাকাবাসী।

পরে দমকল বাহিনীর দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান দমকল বাহিনীর সিলেটের উপ-পরিচালক এরফান আলী সোনার।

ওসি খায়রুল জানান, যুবলীগকর্মীর উপর হামলার বিক্ষুব্ধ হয়ে মানুষ দুই জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার পর পরই শহরে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে বলে জানান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সিলেট-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আযম।