২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজভীদের অভিযোগ গঠনের শুনানি ১৭ এপ্রিল

দ্রুত বিচার আইনের মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও জয়নুল আবদিন ফারুকসহ ১৪৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ১৭ এপ্রিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 07:17 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান রোববার অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির এই দিন রাখেন।

আসামিরা জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান গত ২৪ মার্চ এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর হাকিম আদালতের অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার। আসামিপক্ষে ছিলেন সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও বোরহানউদ্দিন।

গত ১১ মার্চ বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়।

এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় ও আশেপাশের এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৫৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়।

পরদিন বিএনপির তিন নেতা মির্জা ফখরুল, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দিলেও ১৮ দলীয় জোটের ১৫৪ জনের বিরুদ্ধে দুটি মামলা করে পল্টন থানা পুলিশ। দুই মামলাতেই আরো ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় নেতাকর্মীকে আসামি করা হয়।

এজাহারের ১৫৪ আসামির মধ্যে অভিযোগপত্রে ছয় জনের নাম বাদ দেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয় ৪২ জনকে।

মামলায় বিরোধী দলীয় প্রধান হুইপ ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী ছাড়াও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও মো. শাজাহান, ড্যাব মহাসচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এম জাহিদ হোসেন এবং বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে হুকুমের আসামি করা হয়েছে।

আইন-শৃংঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪ ও ৫ ধারায় জমা দেয়া অভিযোগপত্রে বলা হয়- ছয় হুকুমের আসামি ওইদিন বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের সমাবেশে মাইকের মাধ্যমে ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য কর্মীদের উত্তেজিত করে তোলেন। এর ফলে দলীয় কর্মীরা ওই এলাকায় ১৮ থেকে ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

তারা জনসাধারণের চলাচলের রাস্তায় টায়ার, চট, কাঠ ও কাগজ দিয়ে সাতটি জায়গায় আগুন দিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। এছাড়া সরকারি বেসরকারি কার্যালয়ে হামলা চালিয়ে ক্ষতি করে এবং পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। 

আদালত এ মামলায় রিজভী, আমান ও ফারুককে কারাগারে এবং বাকি ১৫১ জনকে ইতোমধ্যে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। 

পুরনো খবর:

রিজভী আমানসহ ১৪৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র