জঙ্গিবাদীদের ছাড়ুন, নইলে রাজনীতি: ইনু
জামায়াতের সঙ্গ ছাড়তে না পারলে রাজনীতি থেকে খালেদা জিয়াকে বিদায় নেয়ার পরামর্শ দিয়ে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ ও রাজনীতি একসঙ্গে চলতে পারে না।
শনিবার দুপুরে সিরডাপের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ইনু বলেন, “আপনি চোখ খুলে দেখুন জামায়াত-শিবির দেশে কী করছে? সংখ্যালঘুদের ওপর হামলা, তাদের বাড়িঘরে আগুন, খুন, নৈরাজ্য করছে। তাদের কৃতকর্ম দেখে, তাদের সঙ্গে ছেড়ে দেন। আর জঙ্গিবাদীদের না ছাড়তে পারলে রাজনীতি থেকে বিদায় নেন।”
গণতন্ত্র ও জঙ্গিবাদ একসঙ্গে চলতে পারে না জানিয়ে মন্ত্রী বলেন, “স্বাধীনতার বিরোধিতা করা হারাম, খুন করা হারাম, দেশে নৈরাজ্য সৃষ্টি করা হারাম। গণতন্ত্রের কথা বলবেন কিন্তু থাকবেন জঙ্গিদের সঙ্গে তা হতে পারে না।”
‘সকলের জন্য সমান সুযোগঃ বৈষম্যবিরোধী আইন প্রণয়নের প্রস্তাব’ শীর্ষক এই জাতীয় পরামর্শ সভার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন।
বৈষম্যবিরোধী খসড়া আইন প্রণয়নে আইন কমিশনকে অনুরোধ জানান তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, প্রায় ৬৫ লাখ দলিত বলে পরিচিত নিম্নগোত্রের মানুষ রয়েছে। তাদের জন্য সমান সুযোগ সৃষ্টিতে বৈষম্যেবিরোধী আইন প্রণয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
সভায় যৌনকর্মী মনি বেগম, তার এবং তার সন্তানের নিয়ে নানা বৈষম্যের কথা তুলে ধরে বলেন, যৌনকর্মী বলে তার সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারছেন না।
তিনি মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “আমি কী ষোলকোটি মানুষের মধ্যে একজন নই। যদি হয়ে থাকি, তাহলে কেন বৈষম্যের শিকার হচ্ছি।”
পরামর্শ সভায় আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক শাহ আলম, ব্যারিস্ট্রার সারা হোসেন বক্তব্য দেন।
