২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর কাসেমের অভিযোগ উপস্থাপন ২৪ এপ্রিল

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে ২৪ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 06:57 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

চট্টগ্রামে প্রসিকিউশনের তদন্ত দলের তথ্যপ্রমাণ সংগ্রহ শেষে প্রসিকিউটর রানা দাশগুপ্ত শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। 

চট্টগ্রাম সার্কিট হাউসে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এবারে তদন্ত দলের চট্টগ্রাম সফরের মধ্য দিয়ে মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। তদন্ত শেষে আইও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর প্রতিবেদন দেবেন। এর জন্য বেশিদিন সময় লাগবে না।

“প্রসিকিউশনের পর্যালোচনা শেষে আগামী ২৪ এপ্রিল মামলার ধার্য তারিখেই মীর কাসেম আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উপস্থাপন করা হবে।’’

মীর কাসেম আলীর মামলার মূল তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার নূরুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমকে গত বছর ১৭ জুন গ্রেপ্তার করা হয়। এরপর ট্রাইব্যুনালের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।   

মীর কাসেম জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত। তিনি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং রাবেতা আল ইসলামী নামে একটি এনজিও’র সাবেক আবাসিক প্রতিনিধি।

জামায়াত সমর্থক বলে পরিচিত দিগন্ত মিডিয়া কর্পোরেশনেরও চেয়ারম্যান তিনি। ওই প্রতিষ্ঠানেরই সংবাদপত্র দৈনিক নয়া দিগন্ত এবং টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন।

প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়েছে, মানিকগঞ্জের হরিরামপুরের মীর কাসেমকে একাত্তরে চট্টগ্রামের মানুষ চিনতো মিন্টু নামে। কলেজছাত্র থাকাকালে সেখানেই তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে জামায়াতের অঙ্গসংগঠন ইসলামী ছাত্রসংঘের দায়িত্ব নেন তিনি।

১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তার নির্দেশনায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাটসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ ঘটানো হয়। মুক্তিযুদ্ধের শেষভাগে পাকিস্তানি বাহিনী এ দেশের যে বুদ্ধিজীবীদের হত্যা করে, তার তালিকা তৈরিতেও মীর কাসেম ছিলেন।

তার এবং আরো কয়েকজনের যুদ্ধাপরাধের তথ্য প্রমাণ সংগ্রহ করতে গত ২২ মার্চ চট্টগ্রামে আসে প্রসিকিউশনের তদন্ত দল।

অতিরিক্ত পুলিশ সুপার নূরুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের এই তদন্ত দল চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঘুরে তথ্য প্রমাণ সংগ্রহ করে। এরপর শনিবার সকালে সংবাদ সম্মেলন করেন তারা।    

‘গিয়াস কাদেরের মানবতাবিরোধী অপরাধ’

প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তা দুইজনেই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের (গিকা) চৌধুরীর একাত্তরের যুদ্ধাপরাধের তদন্ত এবং সাক্ষী সুরক্ষার বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন।

সহকারী পুলিশ সুপার  নুরুল ইসলাম বলেন, গিয়াস কাদেরের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। কৌশলগত কারণে এ বিষয়ে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

গিয়াস কাদেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোনো সাক্ষ্য প্রমাণ থাকলে বা তথ্য দিতে চাইলে ট্রাইব্যুনালের তদন্ত দলের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে দেয়া সাক্ষীদের সুরক্ষার বিষয়েও তদন্ত দল কাজ করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এএসপি নুরুল ইসলাম বলেন, প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে সাক্ষী সুরক্ষা কমিটি রয়েছে এবং ট্রাইব্যুনাল তাদের সঙ্গে সমন্বয় রেখে এ কাজটি করছে।