টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের পাশে যাচ্ছেন খালেদা জিয়া
টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে শনিবার ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।
বিরোধী দলীয় নেতা শনিবার বেলা সাড়ে ১১টায় গুলশানের বাসা থেকে সড়কপথে ক্ষতিগ্রস্ত এলাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে তার প্রেস সচিব মারুফ কামাল খান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তিনি জেলার সুলতানপুর ইউনিয়ন ও বাসুদেব ইউনিয়নের জারুলতলায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরির্দশন করবেন।"
“সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নে টর্নেডোর আঘাতে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলবেন”, যোগ করেন তিনি।
বিকালে খালেদা জিয়া আখাউড়া চীনাইরা মোড়ে স্থানীয় বিএনপি আয়োজিত একটি পথসভায় বক্তব্য দেবেন। সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
গত ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদরসহ কয়েকটি উপজেলায় টর্নেডোর আঘাতে সরকারি হিসেবে ৩১ জনের প্রাণহানি ঘটে। আহত হন তিন শতাধিক মানুষ। ঝড়ে ভেঙে গেছে পাঁচ শতাধিক বাড়িঘর।
গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গত এলাকা পরির্দশন করেন।
