হরতালে স্কুলে হামলা: মামলা দায়ের
লালমনিরহাটে হরতাল চলাকালে একটি বিদ্যালয়ে হামলার ঘটনায় দুইটি মামলা হয়েছে।
সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে খুনিয়াগাছ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই লেবু এবং থানা পুলিশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করে।
এ দুই মামলায় ১০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত পরিচয় দেখানো হয়।
ওসি জমির উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িত অভিযোগে হারুন মিয়া, আশিকুজ্জামান আশিক, মোতালেব হোসেন ও জাহাঙ্গীর আলম নামের চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয়। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট সদরের খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা করে হরতাল সমর্থকরা।
বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপি সভাপতি আমিনুল ইসলাম আমিনের নেতৃত্বে হামলাটি চালানো হয়।
হামলায় বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়। এছাড়া হামলাকারীরা শিক্ষার্থীদের বইখাতা ছিঁড়ে ফেলে। বিদ্যালয়ের চেয়ার টেবিল ও আসবাবপত্রসহ প্রধান ফটকের দরজা ও গ্রিল ভাংচুর করে।
পরে ক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোটা নিয়ে হরতাল সমর্থকদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
