২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষে নিহত ২

আসামি ধরতে গিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাতেও জামায়াত-শিবিরের হামলার মুখে পড়েছে পুলিশ। এ সময় গুলিতে নিহত হয়েছেন দুইজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 08:22 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

নিহতরা হলেন- উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সর্বতুলশী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে তাঁত শ্রমিক ফরিদুল ইসলাম (১৮) এবং একই ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে ছাত্রদলকর্মী ইউনুছ আলী (১৭)।

শুক্রবার বিকালে তাদের লাশ স্বজনরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা, ফরিদুল ইসলাম জানান, গুলিবিদ্ধ দুটি লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী এহসানুল কবীর জানান, নিহতদের লাশ প্রথমে পরিবারের সদস্যরা নিয়ে গেলেও পরে তারা হাসপাতালে নিয়ে আসেন।

র্যাব-১২ এর অপরাধ দমন বিশেষ শাখার অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) অশোক কুমার পাল জানান, শুক্রবার সকালে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের কল্যাণপুর হাই স্কুল মাঠের আশপাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হরতালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলার আসামি জামায়াতকর্মী হাবিবুর রহমানকে গ্রেপ্তার করার জন্য পুলিশ সকাল ৯টায় মৌপুর গ্রামে যায়।

হাবিবকে গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের ধস্তাধস্তি হয়। এ ঘটনার পর মসজিদে মাইকিং করে পাশের কল্যাণপুর, কান্দাপাড়া, সর্বতুলশী ও ধুলদিয়ার গ্রামের শত শত জামায়াত-বিএনপি সমর্থককে জড়ো করে মিছিলের চেষ্টা করেন জামায়াত নেতারা।

এ সময় কল্যাণপুর হাই স্কুল মাঠের পাশে জামায়াত-বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও তাতে জড়িয়ে পড়ে।

পুলিশ, র্যাব ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দফায় দফায় হামলার মুখে এক পর্যায়ে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়া হয় বলে এএসপি অশোক কুমার পাল জানান।

তিনি জানান, দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিটিভির জেলা প্রতিনিধি গাজী ফিরোজী ও মাইটিভির জেলা প্রতিনিধি রহমত আলী আহত হন। হামলাকারীরা তাদের মোটরসাইকেল ভাংচুর করে। এ সময় আরো অন্তত ১০ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ফজলুর রহমানকে বেলকুচি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও বাকিদের আশেপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

এছাড়া সাংবাদিক ও উপজেলার মক্তিযোদ্ধা কমান্ডার গাজী ফিরোজীকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয় বলে জরুরি বিভাগের চিকিসক ফরিদুল জানান।

এদিকে সংঘর্ষের ঘটনার পর পুলিশ এলাকা ছেড়ে চলে যাওয়ার পর জামায়াত ও বিএনপি কল্যাণপুর হাই স্কুল মাঠে সমাবেশ করে।

এএসপি কাজী এহসানুল কবীর জানান, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বেলকুচিতে অবস্থান করছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে শুক্রবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক আসামিকে ধরতে গিয়ে জামায়াত-শিবিরকর্মীদের হামলার মুখে পড়ে পুলিশ। এতে সংঘর্ষে তিন ব্যক্তির মৃত্যু হয়।

নিহতদের নিজেদের কর্মী দাবি করে রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডেকেছে ১৮ দলীয় জোট।