খুলনায় আহত যুবদল নেতার মৃত্যু
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের দ্বিতীয় দিনে খুলনায় আহত এক যুবদল নেতা পুলিশ হেফাজতে মারা গেছেন।
বিএনপির দাবি, হরতাল চলাকালে আওয়ামী লীগের লোকজনের ‘হামলায়’ আহত হয়েছিলেন যুবদল নেতা গাজী নাসির উদ্দীন সুমন (২৫) । তাকে গ্রেপ্তারের পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
ডুমুরিয়া উপজেলা সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সুমন ডুমুরিয়া গ্রামের গাজী আতিয়ার রহমানের ছেলে।
ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার হরতাল চলাকালে যুবদল নেতা সুমনসহ বেশ কয়েকজন দোকানপাট ভাঙচুর করে।
“এ সময় স্থানীয় লোকজন ও আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা সুমনসহ বেশ কয়েকজনকে পুলিশে সোপর্দ করে। তাদের নামে মামলাও হয়। সেই মামলায় সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
সন্ধ্যার দিকে সুমন অসুস্থতার কথা বললে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন বলে জানান ওসি।
খুলনা থেকে ঢাকায় নেয়ার পথেই রাত ২টায় ফরিদপুরের ভাঙ্গায় পুলিশ হেফাজতে মৃত্যু হয় সুমনের। তার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।
ডুমুরিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোল্লা মোশারফ হোসেন মফিজ অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরে হরতালের সমর্থনে ১৮ দলীয় জোটের মিছিলের পর সুমন তার বাড়ির পাশে একটি দোকানে বসেছিল। এ সময় স্থানীয় যুবলীগ নেতা বুলু ও মুকুলের নেতৃত্বে তাদের সহযোগীরা সুমনকে বেদম মারপিট করে পুলিশে সোপর্দ করে।
