চিরিরবন্দরে ভারতীয় আটক
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক ভারতীয়কে আটক করেছে বিজিবি।
আটক দীনেশমা (৩৫) ভারতের কুচবিহার জেলার মোজাভাপুর কথাইয়া গ্রামের বিজুলালের ছেলে।
তার কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন পত্রিকার স্পর্শকাতর সংবাদের পেপার কাটিং উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ৪০ ব্যাটালিয়নের আমতলী বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার আসাদুজ্জামান।
দুপুরে চিরিরবন্দর থানায় দীনেশমাকে হস্তান্তর করেছে বিজিবি।
সুবেদার আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, আমতলী সীমান্তের ৩০৬/১ এস নম্বর পিলারের সামনে অহেতুক ঘোরাঘুরির সময় বিজিবি সদস্যরা দীনেশমাকে আটক করে। তার কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন পত্রিকার স্পর্শকাতর সংবাদের পেপার কাটিং উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে সুবেদার আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেছেন।
