এইচএসসিতে পরীক্ষার্থী বেড়েছে ৮৬ হাজার
পয়লা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পরীক্ষার্থী বেড়েছে প্রায় ৮৬ হাজার।
এ বছর আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল/বিএম (বিজনেজ ম্যানেজমেন্ট) ও ডিআইবিএস পরীক্ষায় মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন পরীক্ষা দেবে।
এর মধ্যে ৫ লাখ ৩৫ হাজার ৬৬২ জন ছাত্র এবং ৪ লাখ ৭৬ হাজার ৯১৯ জন ছাত্রী।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান।
গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৮৫ হাজার ৭৬৭ জন।
মন্ত্রী জানান, এবার দুই হাজার ২৮৮ কেন্দ্রে ৭ হাজার ৮০৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। গতবারের চেয়ে এবার ২৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৯২টি পরীক্ষা কেন্দ্র বেড়েছে।
এবার এইচএসসিতে ৮ লাখ ২৩ হাজার ২৪১ জন, আলিমে ৮৮ হাজার ৭৭৯ জন, এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৫ হাজার ৯৫৬ জন এবং ডিআইবিএসে ৪ হাজার ৬০৫ জন পরীক্ষা দেবে বলে জানান নাহিদ।
তিনি বলেন, এবার বিদেশের পাঁচটি কেন্দ্রে ১৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
এবার বাংলা প্রথম পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, পৌরনীতি প্রথম ও দ্বিতীয় পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম ও দ্বিতীয় পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে জানান শিক্ষামন্ত্রী।
গত বছর শুধু বাংলা প্রথম পত্রের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হয়।
শিক্ষামন্ত্রী বলেন, “আশা করছি সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হবে। তবে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হওয়ায় নকল করে পাস করার সুযোগ নেই।”
“আগে শিক্ষার্থীদের নোট বই কিনতে হত। এখন বেশিরভাগ পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হওয়ায় শিক্ষার্থীদের আর নোট বই কেনার প্রয়োজন হয় না।”
পরীক্ষা পদ্ধতি আরো সংস্কার হওয়া প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, পরীক্ষা গ্রহণের সময় কমিয়ে আনতে হবে।
এবারো দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিতে পারবেন বলে জানান নাহিদ।
তিনি বলেন, শ্রুতিলেখক নিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী, বুদ্ধি ও শ্রবণপ্রতিবন্ধীরা অন্য সময়ের মত এবাবো অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন।
আগামী ১ এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত তত্ত্বীয় এবং ১ থেকে ১৪ জুন ব্যবহারিক পরীক্ষা হবে।
এবারও পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আব্দুন নূর প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
