আসামির বাড়িতে হামলা, বোনকে খুন
হত্যামামলার এক আসামির বাড়িতে হামলা চালিয়ে খুন করা হয়েছে তার বোনকে।
পানু কাজী নামে ওই আসামিকেও ধরে নিয়ে বেঁধে রাখা হয়, পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের কাশীপুর গ্রামে বুধবার রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের নাম জবেদা বেগম (৫৫)। গ্রামের বিরোধের জের ধরে প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ এসেছে।
শাহজাদপুর থানার এসআই কংকন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে পানু কাজীকে বেঁধে রাখা অবস্থায় উদ্ধারের পর আটক করা হয়।
খুনের খবর জানলেও রাতে জবেদার লাশের সন্ধান করেনি পুলিশ। দুর্গম ওই এলাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে পুলিশ শুধু পানুকে নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে গিয়ে জবেদার লাশ উদ্ধার করে।
গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ২ বছর আগে কাশীপুর হাট ইজারাকে কেন্দ্র করে সংঘর্ষে একই গ্রামের ফুলচাঁদ খুন হন।
ওই খুনের ঘটনায় মামলা হলেও কেউ আটক হয়নি। এরপর থেকে আহম্মদ কাজী ও মান্নান গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
আহম্মদের সমর্থক পানু কাজী হত্যামামলার এজহারভুক্ত আসামি।
মান্নানের পক্ষের লোকজনের আধিপত্যের কারণে মামলার আসামিরা এলাকায় যেতে পারত না বলে স্থানীয়রা জানায়।
ইউপি চেয়ারম্যান জানান, বুধবার সন্ধ্যার পর পানু কাজী বাড়িতে গেলে প্রতিপক্ষের লোকেরা খবর পেয়ে দলবল নিয়ে তাকে ধরতে যায়।
“পানুর মা এবং বোন জবেদা বাধা দেয়ায় তারা মাকে মারপিট ও বোনকে কুপিয়ে ধানক্ষেতে ফেলে রাখে। এরপর পানুকে ধরে নিয়ে মান্নানের বাড়িতে বেঁধে রাখা হয়।”
শাহজাদপুর থানার ওসি আব্দুল জলিল জানিয়েছেন, সকালে জবেদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
জবেদার মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে বলে জলিল জানান।
ওসি বলেছেন, হত্যাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জবেদার ছেলে একটি হত্যামামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ জানায়।
