রাঙামাটিতে মন্দিরে আগুন, আটক ৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় একটি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
বাঘাইছড়ি থানার ওসি রফিক উল্লাহ জানান, মন্দিরটি বাজারের শেষ প্রান্তে হওয়ায় আগুন দেয়ার ঘটনাটি সঙ্গে সঙ্গে কেউ টের পায়নি। ফলে প্রায় পুরো মন্দিরটিই ভস্মিভূত হয়ে গেছে।
মন্দিরের পুরোহিত ফনীভূষণ সৌম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠান বুধবার রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলে।
“রাত একটার দিকে আমি মন্দিরের বাতি নিভিয়ে বাড়ি চলে যাই। ভোরে এসে দেখি মন্দিরটি পুড়ে গেছে।”
আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
রাঙামাটি জেলা পুলিশ সুপার আমেনা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এ বিষয়ে তদন্ত চলছে। এরই মধ্যে চারজনকে আটক করা হয়েছে।”
আটকরা হলেন, বিএনপির আমতলী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চু (৩৫) এবং স্থানীয় জামায়াত-শিবিরের কর্মী মুজিবর (৩০), শফি (৩২) ও হারিছ (৩৫)।
