দূরের বাসযাত্রায় হরতাল শেষের অপেক্ষা
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সকালে সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়নি।
অবশ্য দূরের যাত্রার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা না করে গাবতলী টার্মিনাল থেকে গুটিকয়েক বাস ছেড়েছে।
রাজধানীর ভেতরে নগর পরিবহনের বাসগুলো চলছে। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
হরতাল শেষে সন্ধ্যার পর থেকে দূরপাল্লার সব গাড়ি বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে সায়েদাবাদ ও মহাখালী বাস কাউন্টারের লোকজন জানিয়েছেন।
তবে বৃহস্পতিবার সকালে গাবতলী বাস টার্মিনাল থেকে সাভার, নবীনগর, আশুলিয়া এবং আরিচা ও পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে কয়েকটি বাস ছাড়তে দেখা যায়। তবে বিভিন্ন জেলায় চলাচল করা দূরপাল্লার অন্য বাসগুলো ছাড়ছে না।
ঈগল পরিবহনের কাউন্টার ম্যানেজার শরিফুল ইসলাম জানান, হরতাল শেষে সন্ধ্যা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু করবে।
তিনি বলেন, “দুই দিনের ভিড় সামলাতে সিডিউলের বাইরেও কিছু অতিরিক্ত বাস চলবে।”
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালে রাজধানীতে বাস চলাচল কম থাকায় বুধবার সকালে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবিটি রাজধানীর কল্যাণপুর থেকে তোলা।
রাস্তায় যাত্রী পরিবহনের যানবাহন কম থাকায় অনেককেই রিকশায় করে অফিসে রওনা হতে দেখা যায়। প্রধান সড়কেও চলছে রিকশা।
লঞ্চ চলাচল মোটামুটি স্বাভাবিক আছে জানিয়ে বাংলাদেশ আভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর এবিএস মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত সদরঘাট থেকে ৭টি লঞ্চ ছেড়ে গেছে, এসেছে ৩৮টি।
হরতালে সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে র্যাব-পুলিশের টহল লক্ষ করা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গাবতলী, টেকনিক্যাল, শ্যামলী শিশু মেলার সামনে, দারুস সালাম, কল্যাণপুর, মহাখালী বাস টার্মিনালের সামনে, শেওরাপাড়া, কাজীপাড়াসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ সকাল থেকেই অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।
মোটরসাইকেলআরোহী থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের যাত্রীদের শরীর ও ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে।
