২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হিন্দুদের বাড়িঘর-মন্দিরে হামলা ঠেকাতে ব্যর্থ প্রশাসন’

সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা প্রতিরোধে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 06:25 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ঢাকায় কর্মরত সংক্ষুব্ধ সাংবাদিকবৃন্দ’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে গণমাধ্যমকর্মীরা এই অভিযোগ করেন।

সাংবাদিকদের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও এ সমাবেশে যোগ দেন।

সমাবেশ শেষে পিটিবি নিউজ২৪.কম সম্পাদক আশীষ কুমার দে আগামী ২৯ মার্চ সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত ‘শান্তি পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করে সরকারের উদ্দেশে সাত দফা দাবি উত্থাপন করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর সারাদেশে জামায়াত-শিবির ব্যাপক তাণ্ডব চালায়।  তারা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ও দোকানপাটে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে।    

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হিসাবে ওই সময়ে দেশের ৩৭ জেলায় ৪৭টি মন্দির ও হিন্দু সম্প্রদায়ের দেড় হাজারের বেশি ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। হত্যা করা হয়েছে পাঁচ জনকে।

সাত দফা দাবির মধ্যে রয়েছে- সংখ্যালঘু নির্যাতনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংখ্যালঘুসহ সব ধর্মের মানুষ ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা, হামলায় জড়িতদের দ্রুত বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার ও বিচার করা, নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া, সংখ্যালঘু জনগোষ্ঠীর ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলো পুনর্নির্মাণে আর্থিক সহায়তা দেয়া।

এসব দাবির সমর্থনে আগামী ২৯ মার্চ ঢাকায় ‘শান্তি পদযাত্রা’ ছাড়াও পরবর্তীতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট এলাকার সংক্ষুব্ধ সাংবাদিকদের উদ্যোগে একই কর্মসূচি পালন করা হবে বলে সমাবেশে জানানো হয়।

সমাবেশে বাংলাদেশ ফেডাএরল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি এনায়েত ফেরদৌস বক্তব্য দেন।

এছাড়া গণঐক্য’র সদস্য সচিব এস এম এ সবুর, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আখতারুজ্জামান, কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুঁইয়া, শাহবাগ গণজাগরণ মঞ্চের সংগঠক সাকিল আহমেদ অরণ্য, গণ ফোরামের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম পথিক সমাবেশে বক্তব্য রাখেন।