৫০ শব্দসৈনিককে সম্মাননা দিল ঢাবি
একাত্তরের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকুতি স্বরূপ দেশের ৫০ শব্দসৈনিককে সম্মাননা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ।
এছাড়া নজরুল সংগীতে অবদান রাখার জন্য শিল্পী ফিরোজা বেগমকে আজীবন সম্মাননা দেয়া হয়।
এ উপলক্ষে বুধবার অনুষদ চত্বরে ‘চেতনায় আমার স্বাধীনতা’ শীর্ষক দিনব্যাপী সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মননা পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শব্দসৈনিক রেজাউল করিম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কিভাবে খুঁজে বের করল, তা আমি জানি না। এটা খুব কষ্টের কাজ ছিল, এজন্য আমি আনন্দিত।”
তিনি আক্ষেপ করে বলেন, “এই সরকার একাত্তরের বিদেশি বন্ধুদের ডেকে এনে সম্মাননা দিচ্ছেন, অথচ স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের আমাদের ১০জন প্রতিষ্ঠাতাকে কখনো ডেকেও পাঠাননি।”
স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সকল শিল্পী ও কলা-কুসলীদের সম্মাননা দেয়ার জন্যও শব্দসৈনিক রেজাউল করিম সরকারকে অনুরোধ করেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মান জানানোর সিদ্ধান্ত নেয়। সর্বোচ্চ সম্মান স্বাধীনতা সম্মাননা দেয়া হয় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে।
এরপর গতবছর ২৭ মার্চ দ্বিতীয় পর্বে ৮৩ জন, তৃতীয় পর্বে গত ২০ অক্টোবর ৬১ জন, গত ১৫ ডিসেম্বর চতুর্থ পর্বে ৬০ বিদেশি বন্ধু এবং গত ৪ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে সম্মাননা দেয়া হয়। এরই ধারাবাহিকতায় গত রোববার আরো ৬৭ বিদেশি বন্ধুকে দেয়া হয় ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’।
শব্দসৈনিক অরূপ রতন চৌধুরী বলেন, “৪২ বছরে আমাদের মনে অনেক মান-অভিমান রয়েছে, এতা বছরেও আমাদের কোন মূল্যায়ন করা হয়নি। আজ আমি সত্যিই সম্মানিত বোধ করছি।”
শব্দসৈনিক রফিকুল আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোনো প্রতিষ্ঠান থেকে এটাই আমাদের প্রথম সম্মাননা। আজ আমরা আমাদের বীরত্বের নতুন পরিচয় পেলাম। আপনারা আমাদের নতুন করে আবিষ্কার করেছেন।
উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একটি সম্প্রচার মাধ্যম কিভাবে একটি যুদ্ধকে এগিয়ে নিতে পারে তা স্বাধীন বাংলা বেতারকেন্দ্রর মাধ্যমে বোঝা যায়।
“স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ফিজিক্যাল ক্যাপাসিটি কম খাকলেও এর হিউম্যান ক্যাপাসিটি ছিল অনেক বেশি। আজ সেই শব্দসৈনিকদের সম্মাননা দিয়ে আমরা নিজরোই সম্মানিত হয়েছি।”
অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, এই সম্মাননা প্রদান আমাদের একটি চলমান প্রক্রিয়া। এ বছর প্রায় ৫০ জন গীতিকার, সুরকার এবং সংগীত শিল্পীকে সম্মাননা দেয়া হলো।পর্যায়ক্রমে সব শব্দসৈনিককে এই সম্মাননা দেয়া হবে।
অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমাদ (শিক্ষা), অধ্যাপক সহিদ আক্তার হুসাইন (প্রশাসন), কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
