বিকালে সংহতি সমাবেশ অনশনকারীদের
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে অনশনে থাকা শহীদ রুমি স্কোয়াডের সদস্যরা শাহবাগে সংহতি সমাবেশের ডাক দিয়েছে।
বুধবার বিকাল ৫টায় এই সমাবেশ হবে বলে স্কোয়াডের সংগঠক সেঁজুতি শোণিমা নদী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অনশন শুরুর পর থেকেই সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সমর্থন ও সহযোগিতা আসছে। আমাদের ফেইসবুক পেইজেও এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অনেকে মন্তব্য করছেন।”
“যারা শাহবাগে হাজির হয়ে আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে চান তাদের জন্য সংহতি সমাবেশের আয়োজন করা হয়েছে।”
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের আইনি প্রক্রিয়া শুরু করতে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে যে সময় বেঁধে দেয়া হয়েছিল ২৫ মার্চ তা শেষ হয়। পরদিন স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা জনতা মহাসমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ। মঙ্গলবারেরি এই সমাবেশ থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার দাবি আদায়ে আগামী ৪ এপ্রিল বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্মরকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেন।
কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচির দাবিতে স্লোগান দিয়ে তাৎক্ষণিকভাবে জাদুঘরের সামনে মিছিল করে আন্দোলনকারীদের একাংশ।
এর মধ্যেই ‘শহীদ রুমী স্কোয়াড’ জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনের ঘোষণা দেয়।
নির্বাহী আদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তারা।
রাত পৌনে ১১টা থেকে জাতীয় জাদুঘরের মূল ফটকের সামনে অনশনে বসেন নিলয়, শুভ্র, আকাশ, আনন্দ, দীপ ও জয়। এরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
এই ছয়জনের সঙ্গে বুধবার সকালে অনশনে যোগ দেন নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক মোহাম্মদ আলিফ প্রধান ও ব্লগার সাফি।
রুমী স্কোয়াডের সংগঠক নদী বলেন, গণজাগরণ মঞ্চের ঘোষিত কর্মূচির সঙ্গে এই অনশন কর্মসূচির কোনো বিরোধ নেই।
এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে স্কোয়াডের ফেইসবুক পেইজে একটি পোস্টে বলা হয়, “আমরা স্পষ্টভাবে বলছি, শহীদ রুমী স্কোয়াড গণজাগরণ মঞ্চের সম্পূরক সংগঠন। এই কর্মসূচি গণজাগরণ মঞ্চের লক্ষ্যের সাথে শতভাগ সম্পূরক। এই আমরণ অনশন আন্দোলনকে উজ্জীবিত ও বেগবান করবেই। এখানে বিভক্তি খুঁজতে যাওয়া অর্থহীন।”
এদিকে, রুমি স্কোয়াডের অনশন শুরুর পর রাতে গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র মারুফ রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা অনশন বা অন্য কর্মসূচি পালন করছেন বিভিন্ন প্লাটফরম থেকে, তার সঙ্গে গণজাগরণ মঞ্চের কোনো বিরোধ নেই। গণজাগরণ মঞ্চের আন্দোলনেই তারা রয়েছেন।
“তবে তাদের নিজস্ব প্ল্যাটফর্মের ওই আন্দোলন গণজাগরণ মঞ্চের নয়। সেটা একান্তই তাদের নিজস্ব কর্মসূচি।”
যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে আন্দোলন শুরু হয়। পরে সেই সমাবেশ থেকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধেরও দাবিতে উঠে। গণজাগরণ মঞ্চ হিসেবে পরিচিতি পায় ওই সমাবেশ। দাবি আদায়ে তখন থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
