২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাবতলী ছেড়েছে দূরপাল্লার কিছু বাস

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন গাবতলী থেকে দূরপাল্লার কয়েকটি বাস ছেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 04:17 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

তবে মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গাবতলী বাস টার্মিনাল থেকে সাভার, নবীনগর এবং আরিচা ও পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে কয়েকটি গাড়ি ছাড়তে দেখা যায়। তবে বিভিন্ন জেলায় চলাচলকারী দূরপাল্লার অন্য বাসগুলো ছাড়ছে না।

গাবতলীর মতো মহাখালী বাস টার্মিনালেরও বেশিরভাগ পরিবহনের কাউন্টার বন্ধ রয়েছে। ৩৬ ঘণ্টার হরতাল শেষ হলে বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে দূরপাল্লার গাড়ি ছেড়ে যাবে বলে বাস কাউন্টারের লোকজন জানিয়েছেন।

শ্যামলী পরিবহনের কাউন্টার সহকারী ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩৬ ঘণ্টার হরতাল শেষে তাদের পরিবহনের গাড়ি চলাচল শুরু করবে।

ঢাকা-ময়মনসিংহ রূটে চলাচলকারী একটি পরিবহনের স্টেশন মাস্টার আক্তার হোসেন বলেন, হরতাল শেষ না হলে গাড়ি ছাড়বেন না তারা।

এদিকে গাবতলি, মিরপুর-১, মিরপুর-১২ ও মিরপুর-১৪ নম্বর সেক্টর থেকে নগর পরিবহনের বাস রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে। বিআরটিসির বাসও চলতে দেখা গেছে।

রাস্তায় যাত্রী পরিবহনের গাড়ি কম থাকায় অনেককেই রিকশায় করে অফিসে রওনা হতে দেখা যায়। প্রধান সড়কেও চলছে রিকশা।

হরতালে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

লঞ্চ চলাচল মোটামুটি স্বাভাবিক আছে জানিয়ে বাংলাদেশ আভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাসুজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টা পর্যন্ত সদরঘাট থেকে ৭টি লঞ্চ ছেড়ে গেছে, এসেছে ৪৩টি।

হরতালে সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে র‌্যাব-পুলিশের টহল লক্ষ্য করা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।