নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধাদের জন্য আর্থিক অনুদান
নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধাদের কল্যাণে এককালীন ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার বিকালে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার ও সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেন জেলা প্রশাসক আবদুল হাই।
ওই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার কয়েকশ’ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়।
আগামী দুই মাসের মধ্যে অনুদানের অর্থ ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখা হবে। এরপর নিয়মিতভাবে এর লভ্যাংশ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে সহায়তা হিসেবে দেয়া হবে।
বর্তমানে প্রতি বছর মুক্তিযোদ্ধাদের সম্মাননায় পরিবারের সদস্যদের পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়।
এই ব্যবস্থার ফলে তারা এর চেয়ে বেশি টাকা পাবেন এবং ৫০ লাখ টাকা আমানত হিসেবে জমা থেকে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ’৭১-এ বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন বলেই স্বাধীনতার ৪২ বছর পর আজ এখানে আমি আপনারদের মাঝে উপস্থিত হতে পেরেছি।
“আজ আমি এখানে অঙ্গীকার করতে এসেছি, যদি সময় আসে তখন যেন আমরা আপনাদের জমা দেয়া সেইসব অস্ত্রের মান সম্মুন্নত রাখতে পারি, যেমনটা আপনারা মুক্তিযুদ্ধের সময় রেখেছিলেন।’
