র্যাবের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে মঙ্গলবার।
সকাল ৮টায় র্যাব সদরদপ্তরে এই বিশেষ বাহিনীর মহাপরিচালক মোখলেছুর রহমান জাতীয় পতাকা উত্তেলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
এসময় তিনি বলেন, “অতীত সাফল্যের ধারাবাহিকতায় র্যাবকে আরো গতিশীল ও কার্যকর করতে হবে। এই বাহিনীর প্রতিটি সদস্য একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ। র্যাব এরই মধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তবে এ অর্জন ধরে রাখতে হবে।”
এজন্য প্রতিটি সদস্যকে দেশপ্রেম, সততা ও মানবাধিকারের প্রতি সংবেদনশীল থেকে দায়িত্ব পালনের পরামর্শ দেন মহাপরিচালক।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনী র্যাব। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এ বাহিনীর বিরুদ্ধে বিচার-বহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে। এই এলিট ফোর্সের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিভিন্ন সময় সহায়তা দিয়েছে।
২০১১ সালের মে মাসে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ ওয়াচ র্যাব বিলুপ্ত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।
অনুষ্ঠানে গত ৯ বছরে দায়িত্বপালন করতে গিয়ে নিহত ১৪ র্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মহাপরিচালক মোখলেছুর রহমান।
নিহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন,“যারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছে, তারা প্রমাণ করেছে তারা দেশপ্রেমিক। র্যাব পরিবার তাদের ত্যাগের কথা ভুলবে না।”
যেকোন প্রয়োজনে তিনি নিহতদের পরিবারের সদস্যদের পাশে থাকবেন বলেও অনুষ্ঠনে প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস)কর্নেল মো. মজিবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি আফতাব উদ্দিন আহমেদ, ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান ও মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান।
