২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, শনিবার জামালপুরে হরতাল

জামালপুরের সরিষাবাড়িতে স্বাধীনতা দিবসে ফুল দেয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষের সময় গুলিতে এক ব্যক্তির মৃত্যু হযেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 11:38 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

মঙ্গলবার সকালে সরিষাবাড়ির আরামনগর বাজারে এ ঘটনায় নিহত বেলাল হোসেন (৪৫) উপজেলার মূলবাড়ি গ্রামের বাসিন্দা। বিএনপি তাকে নিজেদের কর্মী বলে দাবি করেছে।

এ ঘটনায় জামালপুর জেলায় শনিবার অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সরিষাবাড়ির আরামনগর বাজারে আওয়ামী লীগ ও বিএনপি মিছিল নিয়ে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে যাওয়ার সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক শটগানের গুলি, কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিপেটা করে। সংঘর্ষের সময় ১৩ পুলিশসহ উভয়পক্ষের অন্তত শতাধিক কর্মী আহত হয় বলে জানান সারিষাবাড়ী থানার ওসি কামরুল আহসান।

তিনি দাবি করেন, বেলাল গুলিতে নিহত হলেও, পুলিশের গুলিতে মারা যায়নি।

আহত পুলিশ সদস্যসরা হলেন- ওসি কামরুল আহসান, উপ-পরিদর্শক (এসআই) বছিরুল আলম, তৌহিদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু রায়হান, আবুল কালাম আজাদ, কনস্টেবল জ্যোতিন্দ্র বর্মন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আজগর আলী, আব্দুল হালিম, ফজলুর রহমান ও শাহজাহান আলী।

এদিকে এ ঘটনার পর পরই বেলালকে নিজেদের কর্মী দাবি করে জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে।

পরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শনিবার জামালপুর জেলায় আধাবেলা হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন।

জামালপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইয়াসিন আলী বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।