২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে ঢুকে জবাই

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ব্যক্তিকে জবাই করেছে দুর্বৃত্তরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 10:17 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

মঙ্গলবার হাসপাতাল ভবনের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডের শৌচাগার থেকে অজ্ঞাত (৪০) পরিচয় ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

কটিয়াদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দুই ব্যক্তি এসে সেবিকার কাছে টয়লেট কোন দিকে তা জানতে চান। সেবিকা টয়লেট দেখিয়ে দিয়ে চলে যান।

তার ঠিক কিছুক্ষণ পরই এক রোগী টয়লেটে গিয়ে গলাকাটা অবস্থায় এক ব্যক্তির লাশ দেখে চিৎকার দেন।

এসআই জানান, টয়লেট থেকে রক্তমাখা ছোড়া উদ্ধার করা হয়েছে। নিহতের প্যান্টের পকেট থেকে একটি মোবাইল ফোন পাওয়া গেছে।

কটিয়াদি থানার ওসি মো. ফরিদ আহাম্মেদ বলেন, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পরিকল্পিতভাবে এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ বাপারে মামলা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মনজুরুল হক বলেন, তার চাকরি জীবনে এমন অভিজ্ঞতা কখনো হয়নি।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম, সিভিল সার্জন সারোয়ার হুসাইন খান, উপজেলা চেয়ারম্যান লায়ন আলী আকবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ গোল নিঝুম, সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।