২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়ার শপথ’

কপালে লাল-সবুজ টিপ। এক হাতে ফুল, অন্য হাতে জাতীয় পতাকা। পোশাকেও জাতীয় পতাকার রং।

আশিক হোসেন

শহীদুল ইসলাম ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 08:37 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

স্বাধীনতা দিবসে এই সাজেই বাবার কাঁধে চেপে বাংলাদেশের গৌরব দেখতে জাতীয় স্মৃতিসৌধে এসেছিল কেজি ক্লাসের ছাত্রী আফরা আনান রাফা।

তার বাবা ঢাকার গুলশানের ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, “মেয়ে আমার খুবই উৎসাহী। সকাল থেকেই আমাকে বলছে- ‘বাবা আমরা বাংলাদেশে যাব, বাংলাদেশে যাব’। স্মৃতিসৌধে এসে সেই বাংলাদেশই দেখিয়ে নিয়ে গেলাম। আমরা যুদ্ধাপরাধীমুক্ত, কলঙ্কমুক্ত দেশ চাই।”

চার বছর বয়সে অন্ধ হওয়া আলো রাণী দাস স্মৃতিসৌধ চত্বরে হাঁটছিলেন লাঠি ঠুকে ঠুকে। এফডিসির পার্শ্ব অভিনেতা দাউদ খান হিরণ একটি কাঠের বন্দুক নিয়ে মহড়া দিচ্ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সাজে। ঢাকার একটি হাসপাতালের কর্মকর্তা ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের গলায় ঝুলছিল জাতীয় পতাকা।

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে আসা স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, খেটে খাওয়া মানুষ- সবাই ফুলে ফুলে শ্রদ্ধা জানালেন একাত্তরের বীর শহীদদের; সবার কণ্ঠেই ঝরল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি, রাজাকারমুক্ত দেশ গড়ার প্রত্যয়।

বাবা আক্তার হোসেনের বিশ্বাস, স্মৃতিসৌধে দেশের প্রতি মানুষের এই ভালবাসা সঞ্চারিত হবে তার মেয়ে রাফার মধ্যেও। তার মাঝে জেগে উঠবে দেশপ্রেম, মমত্ববোধ।

বাবা-মেয়ে দুজনের পোশাকেই লেখা দেখা গেল ‘আমরা মুক্ত স্বাধীন বিজয়ী’, ‘আমাদের শ্রদ্ধা সকল শহীদদের প্রতি’, ‘গর্বের গৌরবের স্বাধীনতার ৪২ বছরের মাথায় রাজাকারের ঠাঁই নাই’।

অভিনয় শিল্পী দাউদ খান হিরণ জানালেন, কখনো আতাউল গণি ওসমানী, কখনোবা জগজিৎ সিং অরোরা বা অন্য কারো বেশে ২৩ বার এই স্মৃতিসৌধে এসেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধকে বুঝতে পারে তাই এমন মেকাপে আসি।”

নিজে মঞ্চ নাটক করেন জানিয়ে বলেন, “কোনো বাচ্চা যদি দেখতে চায় মুক্তিযোদ্ধারা কেমন ছিলেন- তখন আমি অভিনয় করে দেখাই। এজন্য হাতে বন্দুকও নিয়ে এসেছি।

ঢাকার এক হাসপাতালের কর্মকর্তা ফজলুর রহমান একাত্তরে ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি বলেন, “আমরা যুদ্ধে জয়ী হয়েছি। কিন্তু রাজাকাররা এখনো আছে। এখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। এটা শেষ হবেই। জাতি কলঙ্কমুক্ত হবে।”

এই মুক্তিযোদ্ধার কণ্ঠে প্রত্যয় ঝরে, “একাত্তরে যুদ্ধ করেছি। ২০১৩ সালে নতুন যুদ্ধ শুরু হয়েছে। জয় আমাদের হবেই হবে। জয় বাংলা।”

সালেহা হক পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী জামিলাও মায়ের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে এসেছে পতাকা রংয়ের পোশাক পড়ে।

জামিলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “ফুল দিয়েছি, অনেক কিছু খেয়েছি, বন্ধুদের সঙ্গে খেলেছি। খুব ভালো লাগছে।”

জামিলার মা গৃহিনী ফাতেমা আক্তার জানান, দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই মেয়েকে নিয়ে স্মৃতিসৌধে আসা।

জামিলার সঙ্গে তার স্কুলের আরো কয়েকজন শিক্ষার্থীকে দেখা গেল বাবা-মা ও শিক্ষকদের সঙ্গে স্মৃতিসৌধে এসেছে। লাইনে দাঁড়িয়ে শহীদ বেদীতে ফুল দিয়েছেন তারা।

অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পরে স্মৃতিসৌধ ফটক সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপর লাখো মানুষ শ্রদ্ধা জানান স্বাধীনতার বীর শহীদদের। ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদী।

স্মৃতিসৌধ চত্বরে সকাল থেকেই থেমে থেমে চলে জাতীয় পতাকা হাতে মিছিল। হাজারো কণ্ঠে ওঠে যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ার স্লোগান। অনেকেই আসেন যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্করের দাবিতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে।

স্মৃতিসৌধে চত্বরের মুক্তমঞ্চে সকাল ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণজারণ মঞ্চের সমাবেশ চলে।

শাহবাগ গণজাগরণ মঞ্চের লাকি আক্তার, ছাত্রী ইউনিয়নের সভাপতি এস এম শুভ, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন।

পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্ অধ্যাপক আনোয়ার হোসেন সমবেতদের পপথ পড়ান।

পুরনো খবর:

স্মৃতিসৌধে অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা