স্মৃতিসৌধে অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
স্বাধীনতার ৪২তম বার্ষিকীতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো পূর্ব পাকিস্তানের বাঙালিরা। বরাবরের মতোই রাষ্ট্রীয়ভাবে দিনটিকে পালন করা হচ্ছে জাতীয় দিবস হিসাবে।
মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মসূচি।
সকাল ৬টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতাযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার দেয়।
পরে নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সকালে নেতাকর্মীদের নিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে মুক্তিযোদ্ধা সংসদ, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়।
সূর্য ওঠার আগেই জাতীয় সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করে স্মৃতিসৌধের সামনে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে এই ভিড়। গালে বা কপালে লাল-সবুজ পাতাকা, হাতে ফুল আর কণ্ঠে জাতীয় সঙ্গীত নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন তারা।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় প্রধান হিসাবেও ফুল দেন তিনি। দলের জ্যেষ্ঠ নেতারা এ সময় তার সঙ্গে ছিলেন।
সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশ ও কুচকাওয়াজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়া গণভবনে স্মারক ডাক টিকেট উন্মুক্ত করবেন তিনি।
