মুক্তিযুদ্ধের আলোকচিত্র নিয়ে চট্টগ্রামে প্রদর্শনী
শহীদ জায়া মুশতারী শফী বলেছেন, স্বাধীনতার চার দশক পরেও জামায়াত-শিবির দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।
মঙ্গলবার স্বাধীনতার ৪২তম বার্ষিকীতে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে মুক্তিযুদ্ধ ও গণজাগরণ মঞ্চের আন্দোলনের আলোকচিত্র নিয়ে আয়োজিত প্রদর্শনী উদ্বোধন এবং প্রকাশনার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
এই লেখক বলেন, দেশ যুদ্ধাপরাধী ও জামায়াত-শিবির মুক্ত হবে এটাই স্বাধীনতা দিবসে জাতির প্রত্যাশা।
“স্বাধীনতার পরও আমরা ৪০ বছর ধরে সংগ্রাম করে চলেছি। জামাত শিবির ও যুদ্ধাপরাধী মুক্ত দেশ গড়ার জন্য”, বলেন লেখক মুশতারী শফী।
তিনি বলেন, “এ পরিস্থিতি বেশি দিন চলতে পারে না। দেশে শান্তি আসলে তবেই তরুণ প্রজন্ম ঘর ফিরবে।
১৯৭১ সালের ২৭ মার্চ ডা. শফী ও তার শ্যালক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এহসানকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী। তারা আর ফেরেননি।
এরপর সাত ছেলেমেয়েকে নিয়ে সীমান্ত পার হন মুশতারী শফী। কাজ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের হয়ে।
শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুর পর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঘাতক-দালাল নির্মূল কমিটির আন্দোলনেও নেতৃত্ব দেন তিনি।
সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ আয়োজিত এ প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ ও সমসাময়িক ৩০টি ছবি এবং চট্টগ্রামের গণ জাগরণ মঞ্চের আন্দোলন নিয়ে ১১ জন আলোকচিত্রীর ১১টি ছবি আলোকচিত্র স্থান পেয়েছে।
সংগঠনের আহবায়ক শরীফ চৌহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, ডেইলি স্টারের ব্যুরো প্রধান ও মুক্তিযোদ্ধা রইসুল হক বাহার, গণ জাগরণ মঞ্চের সদস্য সচিব ও উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. চন্দন দাশ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এন টিভির ব্যুরো প্রধান মুক্তিযোদ্ধা শামসুল হক হায়দারী, সাবেক ছাত্র নেতা মফিজুর রহমান, চ্যানেল আইর ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
