খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।
নিহত জিকু (৩২) একজন মাদক বিক্রেতা বলে পুলিশ জানায়।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে নিকুঞ্জ-২ এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন বলে খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, “ওই সময় একটি প্রাইভেটকারযোগে কয়েক যুবক মাদক নিয়ে যাচ্ছিল বলে পুলিশের কাছে খবর আসে।
“পুলিশ গাড়িটি থামার সঙ্কেত দিলে কার না থামিয়ে গুলি ছুড়তে থাকে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়।”
পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে বিমানবন্দর গোলচত্বর এলাকায় সন্ত্রাসীরা গাড়ি থেকে নেমে পালিয়ে যায় বলে ওসি জানান।
তিনি বলেন, এরপর গাড়ির ভেতর জিকুকে মৃত অবস্থায় পাওয়া যায়।
গাড়িতে একটি পিস্তল, ফেন্সিডিল ও কয়েক পুরিয়া হোরোইন পাওয়া যায় বলে ওসি জানান।
