গাজীপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন মুক্তিযোদ্ধাদের
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক মুক্তিযোদ্ধার কাছ থেকে ওসির ‘ঘুষ’ নেওয়ার প্রতিবাদে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধারা।
‘ঘুষ’ গ্রহণের বিষয়টি কালিয়াকৈর মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার সারোয়ার আলম স্বাক্ষরিত এক স্মারকলিপিতে ইউএনওকে অবহিত করা হয়।
সোমবার দেয়া ওই স্মারকলিপিতে বলা হয়, বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের নাতনিকে দুর্বৃত্তরা অপহরণ করে। ওই ঘটনায় শুক্রবার বেলায়েত কালিয়াকৈর থানায় অপহরণ মামলা করতে গেলে ওসি ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। মামলা গ্রহণের জন্য স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডারের সুপারিশ নিয়ে আসার পরও ওসি ১০ হাজার টাকার বিনিময়ে ওই মামলা নেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কামান্ডার সাহাবুদ্দিন আহসান বলেন, একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে পুলিশ ঘুষ নেওয়ার প্রতিবাদে তারা সরকাবিভাবে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন।
তবে কালিয়াকৈর থানার ওসি মীর রকিবুল হক এ অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার কয়েকজন ব্যক্তি তাকে দিয়ে কাজ ‘হাসিল’ করতে না পেরে এরকম ‘অপপ্রচার’ চালাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান জানান, ওসির বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের একটি স্বারকলিপি তিনি পেয়েছেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
