রামুকাণ্ড: বিচার বিভাগীয় তদন্ত কমিটির সাক্ষ্যগ্রহণ শেষ
রামুর বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার বিকালে কমিটির প্রধান চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া সাংবাদিকদের বলেন, সব ধর্মের মানুষের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও জন প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
রামুর ঘটনায় সাক্ষীদের দেয়া তথ্য-প্রমাণ বিচার-বিশ্লেষণ করে সুপ্রীম কোর্টের হাই কোর্ট বিভাগে তদন্ত প্রতিবেদন দাখিল করবে এই তদন্ত কমিটি।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়ার নেতৃত্বে তিন সদস্যের এই তদন্ত কমিটি বুধবার সকালে রামু পৌঁছায়। এরপর তারা রামুর ক্ষতিগ্রস্ত বিভিন্ন বৌদ্ধ বিহার ও বসতি ঘুরে দেখেন এবং বৌদ্ধ ভিক্ষু ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) শরীফ মোস্তফা করিম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা অধিদপ্তর-২ এর উপ-সচিব মো. জহুরুল ইসলাম।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে বৌদ্ধবসতিতে রাতভর তাণ্ডব চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। রামু উপজেলার সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।
ওই ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, বৌদ্ধ বসতিতে হামলার ঘটনায় রোহিঙ্গা ছাড়াও দুই শতাধিক ব্যক্তির সম্পৃক্ততা পেয়েছেন তারা।
এরপর একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট বিচার বিভাগীয় কমিটি করে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেয়।
