এরশাদের বিরুদ্ধে রাডার-দুর্নীতির মামলায় দশম সাক্ষীর সাক্ষ্য
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে বিমানের রাডার কেনায় দুর্নীতির মামলায় দশম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে স্বাক্ষ্য দেন এ মামলার অনুসন্ধান দলের সদস্য দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা এবিএম নূরুন্নবী।
আগামী ১৮ এপ্রিল পরবর্তী সাক্ষীর সাক্ষ্য নেয়ার জন্য দিন রাখেন আদালতের বিচারক মো. নূরুল ইসলাম।
রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতির মামলায় এ পর্যন্ত মোট ১০ জনের সাক্ষ্য শেষ হলো।
এর আগে সাক্ষ্য দিয়েছেন- বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আলী হায়দার, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল মতিন শাহ, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মো. সিদ্দিক আলম, সাবেক সুপারিনটেনডেন্ট (এয়ার হেডকোয়ার্টার্স) মো. শামসুদ্দিন তালুকদার, সাবেক সহকারী (প্রধান কার্যালয়) ফরিদ আহমেদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক স্টেনোগ্রাফার মো. এরশাদ আলী তালুকদার, একই মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সহকারী সচিব মো. আব্দুল ওয়াদুদ, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন এম নূরুল ইসলাম ও কামাল আহমেদ।
সাক্ষ্য চলার সময় এরশাদ আদালতে উপস্থিত না থাকলেও মামলার অন্যতম সাবেক সহকারী বিমান বাহিনীর প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামি একেএম মুসা পলাতক রয়েছেন।
১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি করার পর ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয়। ১৯৯৫ সালের ১২ আগস্ট এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
একটি হাই-পাওয়ার এবং দুটি লো-লুকিং লেভেল রাডার কেনায় রাষ্ট্রের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকার ক্ষতিসাধনের করার অভিযোগে মামলাটি করা হয়।
সাবেক সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলার যুক্তিতর্কের শুনানি চলছে।
