২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে সাম্প্রদায়িক তাণ্ডব: গ্রেপ্তার আরো ৭

নোয়াখালীর রাজগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় আরো সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়াখালী,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 12:01 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

এ নিয়ে এ ঘটনায় মোট ৪৫ জনকে গ্রেপ্তার করা হল।

রোববার গভীর রাতে রাজগঞ্জ ইউনিয়নে এ আটক অভিযান চালায় বলে পুলিশ জানিয়েছে।

সোমবার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়।

গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দেয়।

এরপর জামায়াত-শিবির কর্মীরা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ ব্যাপক তাণ্ডব চালায়।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ সাংবাদিকদের বলেন, সাম্প্রদায়িক হামলায় জড়িতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে পুলিশ গভীর রাতে রাজগঞ্জের বিভিন্ন গ্রামে অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন মোট ১৬ জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর সোমবার সকালে ৯ জনকে ছেড়ে দেয়া হয়।

যুবলীগ ও যুবদল কর্মীর বিরুদ্ধে মামলা

এদিকে রাজগঞ্জের কালিরহাট এলাকায় শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের সীমানা প্রাচীর ভাঙচুরের ঘটনায় স্থানীয় যুবলীগকর্মী ইউছুফ খান ও যুবদলকর্মী সাইফুলসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার রাতে রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চৌকিদার শাহ আলম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় এ মামলা দায়ের করেন।

মামলার তিনজনের নামোল্লেখ করে আরো দশজনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানান বেগমগঞ্জ মডেল থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম।