ফরিদপুরে পাটচাষিদের বিক্ষোভ
পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করা, জাতীয় পাট নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন দাবিতে ফরিদপুর শহরে বিক্ষোভ মিছিল করেছেন পাটচাষিরা।
এরপর তারা সংবাদ সম্মেলন করেন। পরে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।
সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুট প্রডিউসারস্ অ্যাসোসিয়েশনের নেতারা ১৫ দফা দাবিনামা তুলে ধরেন।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জুট প্রডিউসারস্ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওবায়দুর রহমান।
চাষিদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- পাটের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, পাটচাষিদের প্রশিক্ষণ প্রদান, সুদমুক্ত ঋণ বিতরণ, উন্নতমানের পাট বীজ ন্যায্যমূল্যে প্রাপ্তির নিশ্চয়তা, উপজেলা পর্যায়ে সরকারি পাট ক্রয়কেন্দ্র ও পাটকল স্থাপন, পাট পচানোর (জাগ) খাল-পুকুর-নদী পুনঃখনন, পাটের বহুমুখী ব্যবহারে ব্যবস্থা, পলিথিন নিষিদ্ধ আইন কার্যকর ও পাটচাষিদের
ভর্তুকির ব্যবস্থা করা।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. জাহাঙ্গীর হোসেন স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
