খাসজমির দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ
প্রকৃত ভূমিহীনদের মাঝে চরের খাসজমি বরাদ্দসহ বিভিন্ন দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ক্ষেতমজুর সমিতি।
সোমবার সকালে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল করেন ক্ষেতমজুররা।
এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর তারা স্মারকলিপি দেন।
সমাবেশে বক্তারা নোয়াখালীর উপকূলীয় চরে জেগে ওঠা খাসজমি দ্রুত প্রকৃত ভূমিহীনদের মাঝে বরাদ্দ, ক্ষেতমজুরদের কাজের ব্যবস্থা করা এবং রেশন দেয়ার দাবি জানান।
ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মজিবুল হক, সিপিবি নেতা মফিজুর রহমান, নারী নেত্রী ফাতেমা বেগম ও বেবী আক্তার।
