২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতালে গাড়িতে আগুন, একজন দগ্ধ

চট্টগ্রামে জামায়াতে ইসলামীরর ডাকা সকাল-সন্ধ্যার হরতালে পিকেটারদের পেট্রোল বোমায় ব্যাটারিচালিত একটি গাড়ির চালক দগ্ধ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 06:17 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

অবশ্য সোমবার সকাল থেকে নগরীর কোথাও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

জামায়াত-শিবিরকর্মীরা নগরীর কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

চান্দগাঁও থানার ওসি বাবুল চন্দ্র বণিক জানান, সকাল সাড়ে নয়টায় বহদ্দারহাটের এক কিলোমিটার এলাকায় একটি ব্যাটারিচালিত টমটম গাড়িতে পেট্রোল বোমা ছুঁড়ে মারে পিকেটাররা।

অগ্নিদগ্ধ টমটম চালক মো. মুসাকে(২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের প্রায় ৭৫ শতাংশ পুড়ে গেছে।

সকাল নয়টায় নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানোর পর পালিয়ে যাবার সময় এক পিকেটারকে আটক করা হয়েছে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. শহীদুল্লাহ।

এছাড়া হালিশহর নয়াবাজারের কাছে একটি হাত বোমার বিস্ফোরণও ঘটানো হয়েছে।

মুরাদপুর রেল গেইটের কাছে হরতাল সমর্থকরা একটি টেম্পো ভাংচুরের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

হরতালে সকালে নগরীতে ভারী যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা চলতে শুরু করেছে।

দুরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা না গেলেও অন্য জেলা থেকে আসা বাস নগরীতে ঢুকেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এছাড়া বিভিন্ন তৈরি পোশাক কারখানা এবং চট্টগ্রাম বন্দরের কাজকর্মও স্বাভাবিক রয়েছে।

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম নগর কমিটির নায়েবে আমীর শাহজাহান চৌধুরীর ভাগ্নে ও ছাত্রশিবির কর্মী মাঈনুদ্দীন হাসান মুন্নার মৃত্যুতে সোমবার বৃহত্তর চট্টগ্রামে হরতালের ডাক দেয়া হয়। পরে ১৮ দলীয় জোট তাতে সমর্থন দেয়।

শান্ত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে হরতালের কোনো প্রভাব পড়তে দেখা যায়নি। জনজীবন স্বাভাবিকই রয়েছে।

দুপুর থেকে দূরপাল্লার বাস ছাড়তে শুরু করেছে।সব ধরণের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও দোকানপাট খোলা রয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মিজানুর রহমান জানান, জেলার কোথাও মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
“তবে সব ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।”