২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশগামী নারী শ্রমিকদের নিবন্ধন শুরু ৭ এপ্রিল

আগামী ৭ এপ্রিল থেকে সরকারিভাবে বিদেশে গমনেচ্ছু নারী শ্রমিকদের নিবন্ধন শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 06:04 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রোববার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।

মন্ত্রী বলেন, হংকং, সিঙ্গাপুর, জর্ডান ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে সরকারিভাবে পর্যায়ক্রমে গৃহকর্মী, পোশাককর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নার্স, খাদ্য প্রক্রিয়াজাতকরণ কর্মী, কারখানা কর্মী, রিসিপশনিস্ট, ফল আহরণকারী, বিক্রয়কর্মী ও কৃষিকর্মী নিয়োগের লক্ষ্যে সারা দেশ থেকে বিদেশে গমনেচ্ছুক নারী কর্মীদের নিবন্ধন করা হবে।

আগামী ৭ থেকে ১১ এপ্রিল রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে, ১২ থেকে ১৬ এপ্রিল চট্টগ্রাম ও খুলনা বিভাগে এবং ১৭ থেকে ২১ এপ্রিল ঢাকা ও বরিশাল বিভাগে নিবন্ধন কার্যক্রম চলবে।

২৫  থেকে ৪৫ বছর বয়সী এবং ন্যূনতম অষ্টম শ্রেণী পাস নারীরা নিবন্ধন করতে পারবেন।

ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধন করা যাবে।

মন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় এপ্রিলের শেষ সপ্তাহে ৭০ জন নারী শ্রমিক হংকংয়ে যাচ্ছেন। তাদের ইতোমধ্যে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি ইংরেজি ভাষায় পারদর্শী করা হয়েছে।

আগামী ২ এপিল এ নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও পদ্ধতিগত কিছু সমস্যার কারণে তা ৭ এপ্রিল শুরু করা হবে বলে জানান তিনি।

এছাড়া আগামী ২৭ মার্চ মালয়শিয়ায় প্রথম কিস্তিতে শ্রমিক পাঠানোর কথা থাকলেও  পদ্ধতিগত ত্রুটির কারণে এপ্রিলের প্রথম সপ্তাহে প্রথম ফ্লাইট যাবে বলেও জানান তিনি।

প্রবাসী কল্যাণ ভবনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান, বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন্নাহার উপস্থিত ছিলেন।