শার্শায় ইউপি চেয়ারম্যান খুন
যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাককে রোববার খুন করেছে দুর্বৃত্তরা।
আব্দুর রাজ্জাক শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের ইন্তাজ আলী মোড়লের ছেলে এবং পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
বেনাপোল পোর্ট থানা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে ছেলে লাল্টুকে নিয়ে শার্শা থেকে নিজের গাড়ি করে বাড়ি ফেরার সময় মহিশাডাঙ্গা এলাকায় ৮/১০ জন সন্ত্রাসী গাড়ি থামিয়ে প্রথমে তার বুকে পরপর দুই রাউন্ড গুলি করে।
মৃত্যু নিশ্চিত করার জন্য পরে জবাই করে।
এরপর সন্ত্রসীরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে এবং বোমা বিষ্ফোরণ ঘটিয়ে চলে যায়।
হামলায় তার ছেলে লাল্টু আহত হয় বলে পুলিশ জানায়।
লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে খুনের কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেনি।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মিজানুর রহমান।
