কামারখন্দে ছাত্রলীগকর্মী খুন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক ছাত্রলীগকর্মী প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। আহত হন তার এক সহযোগী।
শনিবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বহুতী গ্রামের আবুল হোসেনের ছেলে আলামিন হোসেন (৩২) এবং তার বন্ধু যুবলীগকর্মী ছানোয়ার হোসেন।
রোববার দুপুরে হাসপাতালে আলামিন হোসেনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
ছানোয়ার হোসেনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামারখন্দ থানার উপ-পরিদর্শক সেলিম সাকলাইন বলেন, শুক্রবার সন্ধ্যায় বাজার ভদ্রঘাট গরুরহাটের আধিপত্য ও ভাগবাটোয়ারা নিয়ে স্থানীয়রা বৈঠকে বসলে ভদ্রঘাট ইউনিয়নের এক যুবলীগ নেতা আসেন। এ সময় তার সঙ্গে একই ইউনিয়নের এক ছাত্রলীগ নেতার কথাকাটাকাটি হয়।
এর জের ধরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ১০/১৫ জন যুবক আলামিন ও তার বন্ধু ছানোয়ারকে হাটের অদূরে বহুলী ইউনিয়নের ডুমুর আমতলী এলাকায় কুপিয়ে আহত করে।
দুজনকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল এবং পরে বগুড়ায় স্থানাস্তর করা হয়। অবস্থার অবনতি হলে রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পথে আলামিনের মৃত্যু হয়।
