মিরপুরে বোমায় নিহত ২ শিশু
রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনে হাতবোমা বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে।
ওই শিশু দুটি পড়ে থাকা বোমা নাড়াচাড়া করতে গেলে এই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ ধারণা করছে।
শনিবার বিকালের এই ঘটনায় নিহত শিশু দুটি হল কুলসুম আক্তার (৮) এবং তার বোনের মেয়ে চার বছর বয়সী রিয়া।
বোমার স্প্লিন্টারের ক্ষত নিয়ে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আধা ঘণ্টার ব্যবধানে দুজন মারা যায়।
বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর বিদ্যুৎ কার্যালয়ের কাছে শিশু দুটি বোমা বিস্ফোরণে আহত হন বলে রিয়ার মা হীরা বেগম সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি হাসপাতালে সাংবাদিকদের বলেন, “বাচ্চা দুটি বাসার সামনের চত্বরে খেলা করছিল। হঠাৎ জোরে একটি শব্দ হলে ছুটে গিয়ে দেখি দুজনেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।”
হাসপাতালে আনার পর সন্ধ্যা ৭টার সময় কুলসুমের মৃত্যু হয় বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।
সাড়ে ৭টার সময় রিয়াকেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওই পুলিশ কর্মকর্তা।
কাফরুল থানার ওসি কাজি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিস্ফোরিত ‘ককটেলটি’ শক্তিশালী ছিল।
তার ধারণা, ওই স্থানের কোথায়ও হাতবোমাটি পড়েছিল। শিশু দুটি খেলতে গিয়ে নাড়াচাড়া করলে এটি বিস্ফোরিত হয়।
বিএনপির হরতাল চলাকালে মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মিছিল থেকে হাতবোমা ফাটানো হয়।
এদিকে রোববার দুপুরে মিরপুরের পাইকপাড়ায় উঁচু থেকে পড়ে এক নারী মারা গেছেন।
নিহতের নাম তহুরা বেগম (৫৫)। স্বামী জহুরুল হক আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা জানান, তহুরা মারা গেছেন।
জহুরুল সাংবাদিকদের জানান, একটি ভবনের চতুর্থতলা থেকে নামছিলেন তহুরা।
“সেখানে লিফটে কলাপসিপল গেইট ছিল। লিফট আছে মনে করে গেইট খুলে নামতে গিয়ে তিনি পড়ে যান।”
