২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোতে মৃতের সংখ্যা বেড়ে ২৪

ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মণবাড়িয়ায়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 08:46 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

রোববার দুপুরে জেলা সিভিল সার্জন শরফরাজ খান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার আহত আরো তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৪ জনে।”

শুক্রবার বিকালে জেলার কয়েকটি গ্রামে টর্নেডো আঘাত হানলে ওইদিনই ২০ জনের মৃত্যু হয়। শনিবার আহত আরো এক শিশু মারা যায়।

এদিকে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ দেয়ার জন্য চারটি দল কাজ করছে। তারা এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত দেড় হাজার জনের তালিকা তৈরি করেছে বলে জানান জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার।

অনেক এলাকায় এখনো ত্রাণ পৌঁছেনি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।

তবে রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্ষতিগ্রস্তদের মাঝে ৯ লাখ টাকা, ১২ হাজার মেট্রিক টন চাল ও ঢেউটিন বিতরণ করেছে সরকার।

জেলা সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলায় টর্নেডোর আঘাতে নিহত ২২ জনের প্রত্যেকের পরিবারকে প্রতিশ্রুত ২০ হাজার টাকা ও আহত ৭৬ জনকে জনপ্রতি পাঁচ হাজার টাকা দেয়া হয়েছে।

এছাড়া ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের প্রত্যেককে ৩০ কেজি চাল এবং ঘরবাড়ি নির্মাণের জন্য মোট ২৫ বান্ডিল ঢেউটিন এবং ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

সাময়িক আশ্রয়ের দুর্গতদের জন্য ১০০টি তাঁবু স্থাপনের কাজ চলছে এবং আরো ২০০টি তাঁবু সরবরাহ হচ্ছে।

টর্নেডো ক্ষতিগ্রস্ত এলাকায় রান্না করা খাবার দুর্গত জনগণের মধ্যে বিতরণ করা হচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও অধিদফতর থেকে পাঁচ কর্মকর্তাকে ত্রাণসামগ্রী বিতরণে সহায়তা করার জন্য ন্যস্ত করা হয়েছে।

এছাড়া সার্বিক ত্রাণ কাজের সুবিধার্থে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলসহ দুটি পিকআপ দুর্গত এলাকায় প্রেরণ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় এরশাদ

এদিকে বিকালে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।

তিনি বিকাল সোয়া ৪টায় একটি হেলিকপ্টারে করে কোড্ডা স্কুল মাঠে নামেন। সেখানে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

পরে এরশাদ ক্ষতিগ্রস্ত কোড্ডা ও চান্দিগ্রাম পরিদর্শনে যান।

সেখানে তিনি ক্ষতিগ্রস্ত লোকজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।

পরে তিনি চান্দি স্কুল মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ এলাকাকে দুর্গত এলাকা হিসাবে ঘোষণা করতে সরকারের প্রতি দাবি জানান।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদার উপস্থিত ছিলেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের কথা রয়েছে। 

গত ২২ মার্চ  বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার ওপর দিয়ে মারাত্মক টর্নেডো বয়ে যায়।

পুরনো খবর:

ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাতে নিহত ২০