ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাতে নিহত ২০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাতে শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক।
জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার কয়েকটি গ্রামে টর্নেডো আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে।
ঝড়ে তিন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আহতদের চিকিৎসা দিতে কুমিল্লা সেনানিবাস থেকে ৫৪ সদস্যের একটি চিকিৎসক দল ব্রাক্ষণবাড়িয়ায় গেছেন।
ওই দলের নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল মশিউল মনির বলেন, ঝড়ে আহত হয়ে যারা ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে এসেছেন তাদের চিকিৎসা দিচ্ছেন তারা।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টর্নেডোর আঘাতে নিহত ছয় জনের মৃতদেহ হাসপাতালে আছে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহ আলম বলেন, ঝড়ে আহত হয়ে তাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসা পাঁচ জনের মৃত্যু হয়েছে।
জেলা কারাগারে মারা গেছেন একজন কারারক্ষী।
এছাড়া রামরাইন ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে একজন ও সদর উপজেলার চিনাইর গ্রামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জেলা কারাগারের কারারক্ষী মাসুদুর রহমান (২৫), সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবু তাহের মিয়া (৬০) ও চিনাইর গ্রামের ঝানু চৌধুরী (৫২), বিজয়নগরের পত্তন গ্রামের লাভলী বেগম (৩৫) ও ডলি রাণী দে (২৭) এবং আখাউড়ার জারুইতলা গ্রামের জয়নাল মিয়া (৩২) ও সুমি বেগম (১০)।
বাকিদের পরিচয় জানা যায়নি।
টর্নেডোর আঘাতে জয়নাল ও সুমির মৃত্যুর খবর জানান আখাউড়া থানার উপ-পরিদর্শক জাকির হোসেন।
সদর উপজেলার রামরাইল ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান সেলিম জানান, টর্নেডোতে ঘরচাপায় আবু তাহের মিয়া মারা গেছেন।
আর চিনাইর গ্রামের ঝানু চৌধুরীর মৃত্যুর খবর জানান তার ভাগিনা অতুল মিয়া।
অতুল বলেন, ঝড়ের মধ্যে তার মামা রাস্তায় ছিলেন। এ সময় গাছ ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক আবু সাঈদ জানান, টর্নেডোর আঘাতে আহত তিনশ’ মানুষ হাসপাতালে এসেছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
জেলা প্রশাসক নূর মোহাম্মদ জানান, টর্নেডোতে তিন উপজেলার কয়েকটি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা কারাগারও।
প্রধানমন্ত্রীর শোক
ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, আক্রান্ত এলাকায় উদ্ধারকাজ ও আহতদের সুচিকিৎসা দিতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
এদিকে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা ঘোষণা করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টর্নেডোয় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা , আহত প্রত্যেককে তিন হাজার টাকা ও ৩০ কেজি চাল দেয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের জন্য প্রয়োজন অনুযায়ী টিন এবং প্রতি বান টিনের সঙ্গে তিন হাজার করে টাকা দেয়া হবে।
