টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের সহায়তা
ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা ঘোষণা করেছে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, টর্নেডোয় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা , আহত প্রত্যেককে তিন হাজার টাকা ও ৩০ কেজি চাল দেয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের জন্য প্রয়োজন অনুযায়ী টিন এবং প্রতি বান টিনের সঙ্গে তিন হাজার করে টাকা দেয়া হবে।
বিকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার কয়েকটি গ্রামে টর্নেডো আঘাত হানে। এতে অন্তত ২০ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল ওয়াজেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে সহায়তা দেয়ার বিষয়ে ইতোমধ্যে জানিয়ে দেয়া হয়েছে।
