২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ঢিলেঢালা হরতাল

সিলেট বিভাগে জামায়াতে ইসলামীর ডাকা আধা বেলা হরতাল শেষ হয়েছে ঢিলেঢালাভাবে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 04:58 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

রোববার সকাল সোয়া ৬টায় হরতালের শুরুতে নগরীর দর্শনদেউড়ী এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করে হরতাল সমর্থকরা।

এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। পরে পুলিশ হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ছাড়া নগরীর বিভিন্ন অলিগলিতে জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। তবে বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।

সিলেটের বিশ্বনাথে গত বুধবার হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে গোলাম রব্বানী নামের এক জামায়াতকর্মী নিহত হওয়ার পর রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা এই হরতালের ডাক দেয় দলটি।

হরতালের শুরুর দিকে রাস্তাঘাট ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল বাড়তে থাকে।

দুরপাল্লার কোনো বাস সকালে সিলেট ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।

হরতালে বিশৃঙ্খলা ঠেকাতে নগরীতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়।

সিলেট মেট্রেপলিটন পুলিশের উপকমিশনার রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোনো ধরণের নাশকতা এড়াতে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।”