‘সংকটে আশ্রয় ছিলেন জিল্লু চাচা’
“আমি খুব কাছের একজন অভিভাবক হারিয়েছি। পরামর্শ নেয়ার জায়গাটুকুও আমার থাকল না। যখনই সংকট সৃষ্টি হয়েছে ওনার কাছে ছুটে গেছি। উনি যে মতামত দিয়েছেন- সে হিসাবে কাজ করেছি।”
শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতেই প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কথা বলতে গিয়ে বাষ্পরুদ্ধ কন্ঠে কথাগুলো বলছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বৈঠক শুরুর ৩২ মিনিটের মধ্যেই তা মুলতবি ঘোষণা করেন সভানেত্রী।
এর আগে জিল্লুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ।
শেখ হাসিনা ১/১১ এর পর জিল্লুর রহমানে অবস্থানের কথা স্মরণ করে বলেন, “ভাষা আন্দোলনে থেকে প্রতিটি আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। দলের জন্য সংকটকালে তিনি সব সময়ই রেখেছেন বলিষ্ঠ ভূমিকা। ১/১১ এর পর তিনি যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন- সেজন্যই বাংলাদেশ গণতন্ত্র ফিরে পেয়েছে।”
“এমন একটা সময়ে তিনি চলে গেলেন, যখন বাংলাদেশে তার বেশি প্রয়োজন ছিলো। উনিও তা বুঝতেন।”
এ প্রসঙ্গে তিনি বলেন, “তিনি (জিল্লুর রহমান) একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
শেখ হাসিনা বলেন, “উনি ঘাত-প্রতিঘাত সহ্য করে নীতি-আদর্শ নিয়ে চলেছেন। যার জন্য তিনি বাংলাদেশে দলমত নির্বিশেষে সকলের কাছে অভিভাবক হিসাবে প্রতিয়মান ছিলেন।”
আইভি রহমানের সঙ্গে জিল্লুর রহমানের বিয়ের কথা স্মরণ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “ওনার হলুদ হয় আমাদের বাসায়। আমাদের একটা লাল রঙের জিপ ছিলো। ১১১ নম্বর। সোহরাওয়ার্দী সাহেব আব্বাকে দিয়েছিলেন। ওই জিপে করে আব্বা আর আতাউর রহমান সাহেব ওনাকে নিয়ে যায়।”
“উনি সারা জীবন বঙ্গবন্ধুর পাশেই ছিলেন।”
বুধবার বিকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
শেখ হাসিনা বলেন, “উনি আইভি চাচিকে খুব মনে করতেন। আইভি চাচি মারা যাওয়ার পর উনি জানতে চাইতেন এক কবরে কতদিন পরে আবার দাফন করা যায়? কেউ ওনাকে বলেছিলো, ৩/৪ বছর পরে সম্ভব। উনি বলতেন, ‘তাহলে, আমাকে আরো ৩/৪ বছর বাঁচতে হবে’।”
বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনার পর বঙ্গভবনে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে হয় তার প্রথম জানাজা।
জাতীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা শেষে বিকালে বনানী কবরস্থানে স্ত্রী আইভি রহমানের কবরে সমাহিত করা হয় রাষ্ট্রপতিকে।
